দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রেকর্ডময় এক ক্যারিয়ারে আরও একটি নতুন অর্জন যোগ হলো আর্লিং হলান্ডের। নতুন মৌসুমের অভিযান শুরুর আগে ইতিহাদ স্টেডিয়ামে ক্যারিয়ারের অবিশ্বাস্য কিছু গোল করার স্বীকৃতিস্বরূপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের চারটি সনদ পেয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।
প্রিমিয়ার লিগ, ইউয়েফা নেশনস লিগ এবং ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে দারুণ সব কীর্তি গড়ার স্বীকৃতিস্বরূপ ৪টি সনদ দেওয়া হয়েছে হলান্ডকে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, ‘নতুন মৌসুম শুরুর ঠিক আগমুহূর্তে একাধিক রেকর্ডের মালিক আর্লিং হলান্ডের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁর অসাধারণ ফুটবল ক্যারিয়ারের এখন পর্যন্ত পাওয়া সেরা কীর্তিগুলোর স্বীকৃতিস্বরূপ সনদ।’
স্বীকৃতি পাওয়া রেকর্ডগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে কম ম্যাচে প্রিমিয়ার লিগে ১০০ গোল করার কীর্তি। গত বছরের ২ ডিসেম্বর ফুলহ্যামের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে মাত্র ১১১ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছান হলান্ড। ২০২২-২৩ মৌসুমের শুরুতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার ঠিক তিন বছরের একটু বেশি সময়ের মধ্যে এই অর্জন ধরা দেয় তাঁর পায়ে।
এছাড়া প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই গড়া গোল করার রেকর্ডটির জন্যও আরেকটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খেতাব অর্জন করেছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ সংস্করণে এক মৌসুমে সর্বাধিক ৩৬ গোল করার রেকর্ড গড়েছিলেন হালান্ড।
নরওয়েজিয়ান তারকা নরওয়ের তৃতীয় রেকর্ডটি এসেছে আন্তর্জাতিক ফুটবল থেকে। ইউয়েফা নেশনস লিগে ১৯ গোল করে এই টুর্নামেন্টের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন হলান্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০২০ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৭ নভেম্বরের মধ্যে করা তাঁর গোলগুলোকে এই রেকর্ডের জন্য বিবেচনা করেছে।
হলান্ডের চতুর্থ সনদটি এসেছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে করা পাঁচ গোলের অনবদ্য পারফরম্যান্সের জন্য। ২০২৩ সালের ১৪ মার্চ আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে পাঁচ গোল করেছিলেন হলান্ড। এর মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পাঁচ গোল করার বিরল কীর্তিতে নাম লেখানো মাত্র তৃতীয় খেলোয়াড় বনে যান ২৬ বছর বয়সী এই ‘গোলমেশিন’।
এর আগে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পাঁচ গোল করার এই কৃতিত্ব কেবল লিওনেল মেসি এবং লুইজ আদ্রিয়ানোর ঝুলিতে ছিল, সেই অভিজাত ক্লাবে তাঁদের পাশে বসেন হলান্ডও। ফুটবল রেকর্ডের সমৃদ্ধ ভাণ্ডারে এই চারটি অসাধারণ অর্জনকে তুলে ধরেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
কেএম